লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দা? রাষ্ট্রসংঘের রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
বার্তা ডেস্কঃ
২০২৫ সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লার কাছে ঘটে যাওয়া প্রাণঘাতী বিস্ফোরণের পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘AQIS’-এর প্রত্যক্ষ হাত ছিল। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ওই ভয়াবহ হামলায় ১১ জনের মৃত্যু হয়েছিল। রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, বছরের পর বছর ধরে নানা চাপের মুখেও নিজেদের নেটওয়ার্ক এবং আর্থিক সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছে এই জঙ্গি গোষ্ঠীটি। বর্তমানে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে সক্রিয় থাকার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় নিজেদের বিস্তার ঘটাতে বাংলাদেশকে ব্যবহার করে নতুন সেল গঠনের চক্রান্ত করছে তারা।
অন্যদিকে, এই প্রতিবেদনে আরও একটি চাঞ্চল্যকর দিক উঠে এসেছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (ISIL-K) মতো জঙ্গি সংগঠনগুলো এখন বোমা তৈরি, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং নিজেদের প্রচারপত্র দ্রুত অনুবাদের কাজে চ্যাটজিপিটি (ChatGPT)-সহ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন রাসায়নিক ও জৈবিক অস্ত্রের প্রতিও তাদের ধারাবাহিক আগ্রহ লক্ষ্য করা গেছে। দিল্লির লাল কেল্লায় ঘটে যাওয়া এই হামলার আন্তর্জাতিক সংযোগ ও নতুন প্রযুক্তির ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় তা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।