চার্জশিটেই বড় গরমিল, একই ব্যক্তি অভিযোগকারী ও অভিযুক্ত!

বার্তা ডেস্কঃ

বিষ্ণুপুর মহকুমা আদালতে দাখিল হওয়া একটি চার্জশিট ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোনামুখী থানায় রুজু হওয়া একটি বধূ নির্যাতন ও পকসো মামলায় যিনি খোদ মূল অভিযোগকারী, তাঁকেই এবং তাঁর স্ত্রীকে অভিযুক্ত হিসেবে চার্জশিটে দেখানো হয়েছে। এমন অদ্ভুত ও ত্রুটিপূর্ণ চার্জশিট দেখে বিচারক স্তম্ভিত হয়ে পড়েন। আদালত সূত্রে জানা গিয়েছে, আইন অনুযায়ী একই মামলায় অভিযোগকারী ও অভিযুক্ত একই ব্যক্তি হতে পারে না। পুলিশের এই মারাত্মক গাফিলতির জেরে অতিরিক্ত জেলা দায়রা বিচারক প্রদীপ অধিকারী সংশ্লিষ্ট তদন্তকারী অফিসার ও তৎকালীন আইসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের এপ্রিল মাসে সোনামুখী থানায় দায়ের হওয়া ওই মামলায় নাবালিকা বধূকে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তাঁর বাবা। পুলিশ বধূ নির্যাতন, পকসো এবং চাইল্ড ম্যারেজ আইনে মামলা রুজু করে। পুলিশের দাবি, চাইল্ড ম্যারেজ আইন অনুযায়ী নাবালিকার বিয়ের জন্য পরিবারের লোকেরাও দায়ী, তাই এই ব্যবস্থা। তবে একই মামলায় অভিযোগকারীকে অভিযুক্ত করায় আইনি জটিলতা তৈরি হয়েছে। আদালতের এই নজিরবিহীন নির্দেশের পর পুলিশ মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *