রামলীলা ময়দানে তুলকালাম, খাড়গের সভার পর কেন হল শুদ্ধিকরণ!
বার্তা ডেস্কঃ
ভোটমুখী উত্তরাখণ্ডের হলদিওয়ানির রামলীলা ময়দানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সভা শেষের পরপরই ‘রাম সেনা’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন ওই ময়দানে পুজো-অর্চনা করে তথাকথিত ‘শুদ্ধিকরণ’ চালায়। এই ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেস শিবির দাবি করেছে, খাড়গে দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই এই অপমানজনক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মতে, এটি কেবল দলিত সমাজেরই নয়, বরং মানবতার বিরুদ্ধেও এক মারাত্মক অপরাধ। স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে হাতশিবির।
অন্যদিকে, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগসূত্র রয়েছে বলে স্পষ্টভাবে অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পালটা অভিযোগ, খাড়গের ওই সভা থেকে সনাতন ধর্মের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়েছিল এবং অন্য ধর্মের জয়ধ্বনি তোলা হয়েছিল। রামলীলা ময়দান সনাতনীদের আবেগের জায়গা হওয়ায় সেই স্লোগানে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, যার প্রতিবাদেই ওই হিন্দুত্ববাদী সংগঠন সোচ্চার হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই শুদ্ধিকরণ বিতর্ককে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সংঘাত এখন চরম আকার ধারণ করেছে।