পাক সেনায় সুযোগ না পেয়ে আইএসআই চর! হাবড়ায় ধৃত রানারের চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ্যে
বার্তা ডেস্কঃ
পাক সেনায় যোগ দেওয়ার তীব্র ইচ্ছা থাকলেও শারীরিক বাধায় তা পূরণ হয়নি। সেই ক্ষোভ থেকেই আইএসআইয়ের হাত ধরেছিল হাবড়া থেকে ধৃত রানা রউফ। পশ্চিমবঙ্গের স্পর্শকাতর এলাকার গোপনীয় তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছে এসটিএফ। তদন্তে জানা যায়, ২০১২ সালে ব্যবসায়ী পরিচয়ে নেপালে প্রবেশ করে রানা। এরপর এক সহযোগীর সহায়তায় ভারতে এসে ভুয়ো নথিপত্র তৈরি করে সে ঘাঁটি গাড়ে। এমনকি ফোর্ট উইলিয়াম চত্বর সহ একাধিক গুরুত্বপূর্ণ সেনা ছাউনিতে রেইকি করার চাঞ্চল্যকর তথ্যও মিলেছে।
ধৃতের নোটবুক ঘেঁটে নেপাল ও বাংলাদেশের ছয়জন আইএসআই এজেন্টের হদিশ মিলেছে। রানা বিভিন্ন সেনা ছাউনি ও রেলের ছবি ও ম্যাপ বিদেশে পাঠাত। পরিচয় ও সঙ্গীদের নাম ঢাকতে নিজের মোবাইল ভেঙে ফেললেও শেষ রক্ষা হয়নি। বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে গিয়ে আইএসআই এজেন্ট পাভেলের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার। সেখানে নতুন মোবাইল হাতে নিয়ে পরবর্তী নাশকতার ছক কষার আগেই এসটিএফের জালে ধরা পড়ে এই কুখ্যাত চর।