উত্তরবঙ্গজুড়ে তীব্র ভাষাযুদ্ধ, জনগণনায় নাম হবে কামতাপুরি নাকি রাজবংশী?
বার্তা ডেস্কঃ
জনগণনা শুরু হতেই উত্তরবঙ্গে নতুন করে দানা বেঁধেছে ভাষা বিতর্ক। কেপিপি-সহ বিভিন্ন সংগঠনের প্রচারে জোর দেওয়া হচ্ছে আদমশুমারিতে মাতৃভাষার নাম ‘কামতাপুরি’ লেখার জন্য। পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তারা সভা, মিছিল এবং সেমিনার চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, চর্যাপদের সময় থেকেই কামতাপুরি ভাষা বহমান। কিন্তু এই দাবির তীব্র বিরোধিতা করে গবেষক ও অধ্যাপকদের একটি বড় অংশ মাতৃভাষা হিসেবে ‘রাজবংশী’ লেখার জোরালো সওয়াল করেছেন।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের লোকভাষা গবেষক দীপক রায় ও লোকসংস্কৃতির গবেষক দিলীপ বর্মার মতে, কামতাপুরি নামটি নব্বইয়ের দশকে এসেছে, অথচ রাজবংশী নাম অনেক প্রাচীন। ঠাকুর পঞ্চানন বর্মা থেকে শুরু করে সুনীতি চট্টোপাধ্যায়ের মতো ভাষাবিদরা রাজবংশী ভাষার পক্ষেই মত দিয়েছেন। উত্তরবঙ্গসহ একাধিক বিশ্ববিদ্যালয়ে এই ভাষাতেই পঠনপাঠন ও গবেষণা চলছে। তাঁদের আশঙ্কা, রাজনৈতিক প্রচারের জেরে ভুল নাম লিখলে রাজবংশী জনগোষ্ঠীর অস্তিত্ব সঙ্কটে পড়বে।