এক বছরের জন্য নিষিদ্ধ গুটখা ও তামাকযুক্ত পানমশলা, জানুন কোন রাজ্যে জারি হলো কড়া নির্দেশ!

বার্তা ডেস্কঃ

কর্নাটকে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে গুটখা ও তামাকযুক্ত পানমশলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যঝুঁকি কমাতে এক বছরের জন্য এই পণ্যগুলির উৎপাদন, বিক্রি, মজুত ও পরিবহণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের কমিশনার অব ফুড সেফটির নির্দেশিকা অনুযায়ী এই নিয়ম বুধবার থেকেই কার্যকর হয়েছে। ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস আইনের ৩০ নম্বর ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপে প্যাকেটবন্দি কিংবা খোলা—সব ধরনের গুটখা এবং নিকোটিনযুক্ত পানমশলার পাশাপাশি আলাদা প্যাকেটে বিক্রি হওয়া উপাদান যা পরে মিশিয়ে খাওয়া হয়, তাও নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক এফএসএসএআই এর আগে পানমশলার প্যাকেজিংয়ে প্লাস্টিক, প্লাস্টিক ল্যামিনেট ও অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যার পরিবর্তে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে। তামাকজাত দ্রব্যের সহজলভ্যতা কমাতেই এই কড়া পদক্ষেপ। তবে প্রশাসনের নজরদারি এবং নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের ওপরই এই নিষেধাজ্ঞার সার্বিক সাফল্য নির্ভর করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *