দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বড় বিপদ, জারি হলো রেড অ্যালার্ট!

বার্তা ডেস্কঃ

উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখাও কলকাতার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আগামী ১৫ আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রবল দুর্যোগের আশঙ্কায় আলিপুর আবহাওয়া দফতর পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় লাল সতর্কতা জারি করেছে, যেখানে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, হুগলি ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবারও বেশ কিছু জেলায় দুর্যোগ অব্যাহত থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী থেকে অতিভারী বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে। উপকূলীয় অঞ্চলে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *