রাঁচিতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপ!

বার্তা ডেস্কঃ

চাকরির পরীক্ষার অনিয়মের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিধানসভা ঘেরাও অভিযানকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষের ঘটনায় এবার কঠোর আইনি পদক্ষেপ নিল পুলিশ। বিধানসভা অভিযানে হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০০ জন নামজাদা অভিযুক্তসহ প্রায় ৬০০ জন আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত ১০ অগস্ট জেপিএসসি ও জেএসএসসি চাকরিপ্রার্থীরা স্বচ্ছ নিয়োগের দাবিতে বিধানসভা অভিমুখে যাত্রা করলে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের সেল, জলকামান ও লাঠিচার্জ করে, যার ফলে বেশ কয়েকজন পুলিশকর্মী ও আন্দোলনকারী আহত হন।

এই আন্দোলনের অন্যতম মুখ জেএলকেএম নেতা দেবেন্দ্র নাথ মাহাতো টানা ৯ দিন অনশনের পর অসুস্থ অবস্থাতেও অভিযানে যোগ দিয়ে আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বচ্ছতার দাবিতে চলা এই আন্দোলনের জেরে রাজনৈতিক মহলেও শোরগোল শুরু হয়েছে। বিরোধী দল ও ছাত্র সংগঠনগুলি পুলিশের এই দমনপীড়নের তীব্র নিন্দা জানালেও, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্পষ্ট জানিয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন বাধ্য হয়েই এই পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *