মদ্যপান বা ধূমপান করলেই কি অঙ্গদান অসম্ভব? জেনে নিন চিকিৎসকদের বড় বার্তা!
বার্তা ডেস্কঃ
বিশ্ব অঙ্গদান দিবস উপলক্ষে চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন যে, নিয়মিত ধূমপান, মদ্যপান বা অতিরিক্ত ওজন থাকলেই কেউ অঙ্গদাতা হতে পারবেন না—এমন ধারণা সম্পূর্ণ ভুল। অনেক মানুষের মনেই সংশয় থাকে যে অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে তাঁদের অঙ্গদান করার ইচ্ছে হয়তো অপূর্ণই থেকে যাবে। তবে চিকিৎসকদের মতে, অঙ্গদানের ক্ষেত্রে ব্যক্তির সামগ্রিক জীবনযাত্রার চেয়ে নির্দিষ্ট অঙ্গটির স্বাস্থ্য ও কার্যক্ষমতা কতটা নিরাপদ, সেটাই সবচেয়ে বড় বিষয়। ফুসফুস, লিভার বা অন্যান্য অঙ্গের প্রকৃত অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘমেয়াদি ধূমপান বা মদ্যপানের অভ্যাস কিংবা স্থূলতা থাকলেই শরীরের সব অঙ্গ পুরোপুরি অকেজো হয়ে যায় না। ক্ষতিগ্রস্ত অঙ্গ বাদ দিয়ে শরীরের অন্য কোনো অংশ যদি সম্পূর্ণ সুস্থ ও প্রতিস্থাপনের উপযুক্ত থাকে, তবে তা অন্যের জীবন বাঁচাতে পারে। এমনকি বেশি বয়সও অঙ্গদানের ক্ষেত্রে কোনো চূড়ান্ত বাধা নয়। ভারতে অঙ্গের সংকটের কথা মাথায় রেখে সম্পূর্ণ চিকিৎসা-ইতিহাস ও খুঁটিনাটি পরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা, যা মৃত্যুর পরেও নতুন জীবন ফিরিয়ে দিতে পারে।