মায়ের হাতের রান্না মিস করা গৌতম আদানির সেই ফেলে আসা দিন!
বার্তা ডেস্কঃ
আইনি লড়াই ও আন্তর্জাতিক বিতর্ক পার করে মার্কিন আদালতে বড়সড় স্বস্তি পেয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। অতীতে হিন্ডেনবার্গ রিসার্চের কারচুপির অভিযোগ এবং পরবর্তী সময়ে নিউ ইয়র্কের আদালতের ঘুষ সংক্রান্ত মামলা দায়ের হলেও, তথ্য-প্রমাণের অভাবে সমস্ত বিচার প্রক্রিয়া বন্ধের নির্দেশ মিলেছে। জালিয়াতি ও ঘুষের অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর নিজের দীর্ঘ প্রতিকূল যাত্রার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আত্মবিশ্বাসী ও আবেগপ্রবণ হয়ে ওঠেন আদানি।
এক বিশেষ অনুষ্ঠানে নিজের অতীতের দিনগুলির কথা স্মরণ করে তিনি জানান, মাত্র ১৬ বছর বয়সে মা-বাবার নিরাপদ আশ্রয় ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে মুম্বই এসেছিলেন। কাজের তীব্র ইচ্ছা ও প্রতিদিন শেখার মানসিকতাকে সম্বল করে শুরু হয়েছিল তাঁর এই পথচলা। সাম্প্রতিক নানা বিতর্ককে নিজের নীতির পরীক্ষা বলে উল্লেখ করে তিনি জানান, প্রতিকূল পরিস্থিতিতেই আসল চরিত্র চেনা যায়। আন্তর্জাতিক আইনি চাপ সামলে উঠে ভারতের উন্নয়ন ও তরুণ সমাজকে আত্মনির্ভর করার বার্তা দিয়েছেন এই শিল্পপতি।