আবাস প্লাসে আপনার নাম আছে তো? ১৫ অগস্টের আগে এই কাজ করতেই হবে!

বার্তা ডেস্কঃ

রাজ্যজুড়ে চালু থাকা ‘আবাস প্লাস’ প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনো যোগ্য উপভোক্তা বঞ্চিত না হন, তার জন্য বিশেষ বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার এক সরকারি বিবৃতিতে তিনি জানান, গত আড়াই মাস ধরে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে এই সমীক্ষার কাজ চলছে। তবে কোনো যোগ্য পরিবারের বাড়িতে এখনও সমীক্ষক দল না পৌঁছে থাকলে, দ্রুত তা প্রশাসনের নজরে আনার অনুরোধ জানিয়েছেন তিনি।

পঞ্চায়েতমন্ত্রী জানান, আগামী ১৫ অগস্টের মধ্যেই এই সমীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে যাঁদের বাড়িতে এখনও সমীক্ষা হয়নি, তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম এবং একটি সচল মোবাইল নম্বর নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।

তথ্য পাঠানোর ঠিকানা: dilipghosh64@gmail.com

(যাঁদের কাছে স্মার্টফোন নেই, তাঁরা পরিবারের অন্য সদস্য বা প্রতিবেশীদের সাহায্য নিয়েও এই ইমেল পাঠাতে পারবেন।)

দিলীপ ঘোষ আরও আশ্বাস দিয়েছেন যে, ইমেল মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রশাসন দ্রুত পদক্ষেপ করবে এবং সংশ্লিষ্ট বাড়িতে সমীক্ষক কর্মী পাঠানোর ব্যবস্থা করবে। গত এক মাস ধরে স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত প্রধান এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে কোনো যোগ্য নাম বাদ পড়েছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে তা সত্ত্বেও কোথাও ফাঁক থেকে গেলে, সাধারণ মানুষকে উদ্যোগী হয়ে নিজের নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *