প্যাকেটজাত খাবারে নুন-চিনির বিপদবার্তা নিয়ে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের!
বার্তা ডেস্কঃ
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, লবণ এবং ফ্যাট নিয়ে প্যাকেটের ওপর স্পষ্ট ‘ওয়ার্নিং লেবেল’ দেওয়ার বিষয়ে কেন্দ্র সরকার ও খাদ্য নিরাপত্তা সংস্থা ‘এফএসএসএআই’ (FSSAI)-এর ওপর মারাত্মক ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ কর্পোরেট কো ম্পা নিগুলোর চাপের মুখে নতিস্বীকারের প্রশ্ন তুলে স্পষ্ট জানায়, বাণিজ্যিক লাভ-ক্ষতির চেয়ে দেশের কোটি কোটি মানুষ ও শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্যের সুরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ভারতে প্রচলিত ‘নামকিন’ জাতীয় খাবারের দোহাই দিয়ে কড়া লেবেলিং এড়িয়ে যাওয়ার কেন্দ্রীয় যুক্তির কড়া সমালোচনা করেছে সর্বোচ্চ আদালত। বিচারপতিদের সাফ বক্তব্য, ক্রেতার জানার পূর্ণ অধিকার রয়েছে তিনি কী খাচ্ছেন; এটি ব্যবসা বন্ধের জন্য নয়, সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ। নির্দেশ পালনে কেন্দ্রকে শেষবারের মতো দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়ে শীর্ষ আদালত হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আদালত নিজেই চূড়ান্ত নির্দেশিকা জারি করবে।