শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি! রাজ্য সরকারের বড় ঘোষণায় শোরগোল।
বার্তা ডেস্কঃ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান ও রাষ্ট্রবাদী দর্শনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরের পাঠ্যক্রমে তাঁর ভূয়সী ভূমিকা অন্তর্ভুক্ত করার নীতিগত অনুমোদন দিয়েছে উচ্চপর্যায়ের সরকারি কমিটি। এর পাশাপাশি নিউ টাউনের ইকো পার্কে তাঁর ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি ও সংগ্রহশালা এবং হুগলির জিরাটে পৈতৃক ভিটে সংস্কার করে আধুনিক লাইব্রেরি ও মিউজিয়াম নির্মাণের প্রাথমিক অনুমতি দেওয়া হয়েছে।
এই বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুটি বিশেষ গ্রন্থ প্রকাশের পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আমজনতার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে রাজ্য। তথ্য ও সংস্কৃতি দফতরের মাধ্যমে একটি বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করা হচ্ছে, যেখানে পরবর্তী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে সাধারণ মানুষ, গবেষক ও ইতিহাসবিদরা নিজেদের মতামত জানাতে পারবেন। স্বাধীন ভারতের পরিকাঠামো গঠনে শ্যামাপ্রসাদের ভূমিকা স্মরণ করে ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে নতুন উদ্দীপনা সঞ্চার করাই এই আয়োজনের মূল লক্ষ্য।