ভারী বৃষ্টির ভ্রুকুটি! আগামী ৩ দিন রাজ্যজুড়ে চরম সতর্কতা জারি করল নবান্ন
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলাশাসকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করে ৯ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম সচল রাখার পাশাপাশি নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হলদিয়া, কাঁথি ও ক্যানিং সহ একাধিক উপকূলীয় এলাকায় রেকর্ড পরিমাণ বর্ষণে জল জমে নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে দুর্যোগ জারি থাকবে। বিশেষ করে ঝাড়গ্রাম জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা। সেইসঙ্গে লাগাতার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নদীবাঁধের পরিস্থিতি কড়া নজরদারিতে রাখছে সেচ দফতর এবং প্রশাসনিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে।