স্কুলের মিড ডে মিলেই ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি, তাক লাগাল পড়ুয়ারা!
বার্তা ডেস্কঃ
মিড ডে মিলের একঘেয়ে রুটিন বদলে এবার পড়ুয়াদের পাতে পড়ল লোভনীয় চিকেন বিরিয়ানি। প্রতিদিনের চেনা খাবারের পরিবর্তে এমন রাজকীয় মেনু পেয়ে দারুণ উল্লাসে ফেটে পড়ে খুদেরা। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এমন ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। স্কুলের প্রধান শিক্ষক শেখর হালদার জানিয়েছেন, পড়ুয়াদের দীর্ঘদিনের আবদার ছিল মিড ডে মিলে একদিন বিশেষ কিছু রান্না করার। সেই ইচ্ছা থেকেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যা পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও মুগ্ধ করেছে।
দুপুরের খাবারের সময় স্কুলের টেবিলে থালা সাজিয়ে লাইন দিয়ে বসে যায় ছাত্রছাত্রীরা। শিক্ষকরা নিজ দায়িত্বে তাদের হাতে বিরিয়ানি তুলে দেন। এই সুস্বাদু খাবার চেটেপুটে খেয়ে শিশুদের মুখে তৃপ্তির হাসি ফোটে। বিদ্যালয়ের এক শিক্ষক জানান, মাঝেমাঝে এমন বদল পড়ুয়াদের মানসিক আনন্দ দেয় এবং স্কুলের প্রতি আগ্রহ বাড়ায়। অভিভাবকরাও এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দাবি তুলেছেন, সপ্তাহে অন্তত একদিন যেন এমন পদের ব্যবস্থা করা হয়।