উত্তরাখণ্ডে সুড়ঙ্গে হড়পা বানের বিভীষিকা! প্রাণ হারালেন ৭ শ্রমিক, নিখোঁজ বহু।

বার্তা ডেস্কঃ

উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটি এলাকায় ‘তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন’ (THDC)-এর একটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে আচমকা ধস নেমে চরম বিপর্যয় ঘটেছে। সুড়ঙ্গের ভেতর বিপুল পরিমাণ জল ও কাদা ঢুকে পড়ায় হিন্দুস্তান কনস্ট্রাকশন কো ম্পা নি (HCC)-র ২২ জন শ্রমিক আটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে পুলিশ, SDRF ও CISF দ্রুত প্রাথমিক উদ্ধারকাজ শুরু করে। পরে রুদ্রপ্রয়াগ থেকে সেনা, NDRF এবং ITBP-র দল এসে যৌথ অভিযানে যোগ দেয়। যৌথ প্রচেষ্টায় ২২ জনের মধ্যে ২০ জনকে বাইরে বের করা সম্ভব হলেও, চিকিৎসকরা ৭ জনকে মৃত ঘোষণা করেন। আহত ১৩ জন বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুড়ঙ্গে আটকে থাকা বাকি ২ জন শ্রমিকের খোঁজে এখনও জোর তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

চামোলির জেলা শাসক গৌরব কুমার নিজে ঘটনাস্থলে পৌঁছে পুরো উদ্ধার অভিযান তদারকি করছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া, রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুসারে অতিরিক্ত উদ্ধারকারী দল পাঠানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *