সরকারি নির্দেশ অমান্য করে যাত্রীনিবাস দখল, প্রকাশ্যে বিজেপি-র চরম কোন্দল!

বার্তা ডেস্কঃ

হুগলির বলাগড় ব্লকের গুপ্তিপাড়া-১ পঞ্চায়েতে সরকারি যাত্রীনিবাস দখলমুক্ত করা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক পারদ। অভিযোগ, স্থানীয় খেয়াঘাটের যাত্রীদের সুবিধার জন্য বাম আমলে তৈরি যাত্রীনিবাসটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে টোটো চালকদের একটি ইউনিয়ন। গত ১৬ জুন ব্লক প্রশাসন জায়গাটি অবিলম্বে খালি করার নির্দেশ দিলেও, দু’মাস পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। উল্টে নীল-সাদা সাইনবোর্ড রাতারাতি গেরুয়া-সাদা করে এবং সংগঠনের নাম পরিবর্তন করে টোটো চালকরা অফিসটির চাবি নিজেদের কবজাতেই রেখে দিয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে আদি ও নব্য বিজেপি নেতৃত্বের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। স্থানীয় আদি বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ যাত্রীদের সুবিধার্থে যাত্রীনিবাসটি ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, নব্য বিজেপি ও নতুন টোটো কমিটির এই অবস্থানকে ঘিরে ক্ষোভ বাড়ছে।

এই টানাপোড়েনের সুযোগ নিয়ে শাসকদল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত পুরো বিষয়টি উপভোগ করছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যাত্রীনিবাসটি টোটো চালকদের ভিড়ে সাধারণ মহিলা যাত্রীরা ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। অন্যদিকে, টোটো সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এটি ইটের ভাটার জায়গা এবং প্রশাসনিক অনুমতিক্রমেই তারা এটি ব্যবহার করছেন। বিপুল অঙ্কের চাঁদা আদায় এবং সরকারি নোটিস উপেক্ষা করার এই ঘটনায় স্থানীয় প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষ পর্যন্ত প্রশাসন এই বিবাদ মিটিয়ে সাধারণ যাত্রীদের বসার জায়গা ফিরিয়ে দিতে পারে কি না, সেদিকেই এখন নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *