ব্রিটিশ আমলের নিকাশি ধসে তোলপাড়, মাটির নীচে মিলল কী!
বার্তা ডেস্কঃ
হাওড়ার ব্যস্ততম কে সি দত্ত রোডে আচমকা ধস নামার পর তৈরি হয়েছে এক নজিরবিহীন সংকট। পুলিশ কমিশনারের বাংলোর কাছে রাস্তা বসে যাওয়ার পর খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড় কেএমডিএ ইঞ্জিনিয়ারদের। মাটির প্রায় ১৩ ফুট গভীরে বিশাল গহ্বর তৈরি হয়েছে, যা প্রাথমিক অনুমানের চেয়েও দ্বিগুণ! জানা গেছে, ব্রিটিশ আমলের একটি স্যুয়ারেজ লাইনে ফাটল ধরে জল বেরোনোর ফলেই এই ধস। মাটির নিচে সিইএসসি-র তারের জঞ্জাল এবং টানা বৃষ্টির কারণে বর্তমানে এই স্যুয়ারেজ পাইপ মেরামতের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সমগ্র হাওড়াজুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। ভারী যানবাহন ও ছোট গাড়িগুলোকে রামকৃষ্ণপুর ঘাট রোড এবং রাউন্ড ট্যাংক লেনের মতো সরু রাস্তায় ঘুরিয়ে দেওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ট্রাফিক পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যার মধ্যে সিইএসসি-কে দ্রুত তারের সমস্যা মিটিয়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছে হাওড়া সিটি পুলিশ, যাতে ফরশোর রোড সংলগ্ন রুটে অতি দ্রুত যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।