পুরভোটের আগে বদলাচ্ছে ১০ লক্ষ করদাতার অ্যাসেসি নম্বর, আপনিও কি তালিকায়?

বার্তা ডেস্কঃ

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ জোরকদমে শুরু হয়েছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হতে পারে। এই পুনর্বিন্যাস প্রক্রিয়া চূড়ান্ত হলেই সরাসরি প্রভাব পড়বে শহরের সম্পত্তি কর ব্যবস্থাপনায়। পুরসভা সূত্রের খবর, আগামী অর্থবর্ষ শুরুর আগেই কলকাতা পুর এলাকার প্রায় ১০ লক্ষ সম্পত্তি করদাতাকে নতুন অ্যাসেসি নম্বর বরাদ্দ করতে হবে। যেহেতু প্রতিটি অ্যাসেসি নম্বরের মধ্যেই নির্দিষ্ট ওয়ার্ড নম্বরের উল্লেখ থাকে, তাই ডিলিমিটেশন শেষ হতেই রাজস্ব আদায় দপ্তরকে সম্পূর্ণ নতুন ওয়ার্ডভিত্তিক অ্যাসেসি নম্বর তৈরির কাজ সম্পন্ন করতে হবে।

যদিও এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা এখনও জারি হয়নি, তবে এই বিশাল পরিবর্তনের ফলে সাধারণ করদাতাদের বড় ধরনের সমস্যা হবে না বলেই আশ্বস্ত করছেন পুর আধিকারিকরা। তবে যাদের কর সংক্রান্ত মামলা কিংবা নির্ধারিত মূল্য নিয়ে আপত্তি জানিয়ে আবেদন ইতিমধ্যেই অমীমাংসিত রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জটিলতা কাটাতে পুরসভার সংশ্লিষ্ট দপ্তরকে পুরানো ও নতুন অ্যাসেসি নম্বরের মধ্যে একটি নিখুঁত প্রশাসনিক যোগসূত্র বজায় রেখে সমস্যার সমাধানের কাজ চালিয়ে যেতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *