গ্রেপ্তারের পর খড়দহ থানায় অভয়ার বাবার বিস্ফোরক জবানবন্দি!
বার্তা ডেস্কঃ
ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে খড়দহ থানায় নিয়ে আসা হয়েছে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে গোপন জবানবন্দি দিতে থানায় হাজির হয়েছেন অভয়ার বাবা। এদিকে নির্মল ঘোষের গ্রেপ্তারের খবর চাউর হতেই খড়দহ থানার বাইরে বিক্ষোভরত জনতার ঢল নামে। ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার সময় পুলিশি নিরাপত্তাবলয় ভেদ করে অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ও জুতোর মালা ছোড়ার পাশাপাশি চড়-থাপ্পড় মারা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাঁকে হেলমেট পরিয়ে থানায় নিয়ে আসে।
গত ৯ আগস্ট অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জলহাটির এক মঞ্চ থেকে এই ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পরই অভয়ার বাবার দায়ের করা এফআইআরের ভিত্তিতে ওড়িশার বালেশ্বর থেকে গ্রেপ্তার হন নির্মল ঘোষ। পুলিশ মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে সিমুলিয়ার একটি হোটেল থেকে তাঁকে পাকড়াও করে। এই ঘটনায় সঞ্জয় মুখোপাধ্যায় নামে অপর এক প্রতিবেশীকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের গ্রেপ্তারের পর অভয়ার বাবা ও মায়ের নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।