অন্যায় করিনি, প্রমাণ থাকলে দেখাক: বঙ্গবিভূষণ বিতর্কে গর্জে উঠলেন অনন্ত মহারাজ!

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়ে তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নিয়েছে। নবান্ন থেকে বার্তা দেওয়ার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল তৈরি করেছে।

সম্মান হারানো সত্ত্বেও নিজের বক্তব্যে অনড় অনন্ত মহারাজ। সংসদ চত্বরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমি নিজের কোনো কথা বলিনি। রেকর্ডে যা লেখা আছে, সেটাই বলেছি। সরকার চাইলে এই তথ্য পরিবর্তনের উদ্যোগ নিতে পারে।” নিজের সাফাইতে ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া’ বইটির প্রসঙ্গ তুলে তিনি বলেন, শরৎচন্দ্র বসুও এ বিষয়ে লিখেছেন এবং তিনি সেখান থেকেই উদ্ধৃতি দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি তো কাউকে অপমান করিনি। শুধু বলেছি, নেতাজি একা দেশ স্বাধীন করেছেন—এমন তথ্য আমি পাইনি। আমার কথা ভুল হলে তা প্রমাণ করে দেখানো হোক। দোষ যদি আমার হয়, তবে বইটির লেখক ও প্রকাশকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।”

এর আগে বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজির প্রতি কোনো অবমাননাকর মন্তব্য বা পোস্ট বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। রাজনৈতিক মতপার্থক্য পাশে সরিয়ে রেখে এই ধরণের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা ও প্রয়োজনে গ্রেপ্তারের কথা জানান তিনি। শুভেন্দুর বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য সরকার এই বড় সিদ্ধান্ত ঘোষণা করল। নেতাজি অবমাননা ইস্যুতে শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *