মুর্শিদাবাদে হাসুয়ার কোপে ৩ শিশুর নির্মম মৃত্যু! শোকে স্তব্ধ বাংলা
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুর এলাকায় বাড়ির উঠোনে খেলার সময় চার শিশুকন্যার ওপর ধারালো হাসুয়া নিয়ে নৃশংস হামলা চালায় এক যুবক। এই মর্মান্তিক ঘটনায় চার বছরের মনিফা খাতুন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনিসা খাতুন ও ইসরাত জাহান নামের আরও দুই শিশুর। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় লড়ছে নুসরাত জাহান নামের চতুর্থ শিশুকন্যাটি। সম্পর্কে প্রত্যেকেই অভিযুক্ত কুড়ি বছর বয়সী গোলাম সারওয়ার ওরফে বাদশার নিকটাত্মীয়। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাদশাকে গ্রেফতার করে।
শুক্রবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত যুবক মাঝে মাঝেই মানসিক অবসাদের ওষুধ খেত। তবে ঘটনার মুহূর্তে তার মানসিক ভারসাম্য ঠিক কী অবস্থায় ছিল, তা খতিয়ে দেখতে তার চিকিৎসার পুরোনো নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এক পরিবারের তিন শিশুর এমন পৈশাচিক হত্যাকাণ্ডে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাত দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদ করে এই জঘন্য অপরাধের প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।