LPG eKYC-র মেয়াদ বাড়ল ১৫ দিন, ঘরে বসেই করবেন যেভাবে!

বার্তা ডেস্কঃ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (eKYC) সম্পূর্ণ করা নিয়ে বিরাট দুশ্চিন্তায় থাকা গ্রাহকদের জন্য এল স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এলপিজি সংযোগের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। পূর্বে ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের তরফে ১৬ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কড়া বার্তা দেওয়া হয়েছিল। তা না করলে গ্যাস বুকিংয়ে জটিলতা এবং ভর্তুকি বন্ধের মতো সমস্যা তৈরির আশঙ্কা ছিল।

তবে ১৫ ও ১৬ অগস্ট ছুটির দিন হওয়ায় বহু গ্রাহক সময়মতো প্রক্রিয়াটি শেষ করা নিয়ে উদ্বেগে পড়েছিলেন। এই পরিস্থিতিতে সময়সীমা আরও বাড়িয়ে আগামী ২৩ অগস্ট পর্যন্ত করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফলে গ্রাহকেরা হাতে আরও বেশ কিছুদিন সময় পাচ্ছেন। ইনডেন এলপিজি কুকিং গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজন বিশ্বাস জানান, ২৩ তারিখ পর্যন্ত মেয়াদ বৃদ্ধির নির্দেশ পেলেও সরকারি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনও বাকি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র গ্রাহকদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হলেও বাকিদের ক্ষেত্রে এটি আবশ্যক। নির্দিষ্ট সময়ে eKYC না করলে ভবিষ্যতে গ্যাসের দাম অনেকটাই বেশি গুনতে হতে পারে।

সহজেই eKYC করবেন কীভাবে?

  • অনলাইন পদ্ধতি: নিজের গ্যাস সংস্থার অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইন eKYC জমা দেওয়া যাবে। তবে আধারভিত্তিক ফেস ভেরিফিকেশনের জন্য ‘AadhaarFaceRD’ অ্যাপটিও ডাউনলোড করে রাখতে হবে।
  • অফলাইন পদ্ধতি: যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁরা সরাসরি নিজের এলাকার গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে ফিজিক্যাল যাচাইকরণ করিয়ে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *