পচা খাবারে আরশোলা-গিরগিটি! লাইসেন্স বাতিল ব্লিঙ্কিট, জ়েপ্টো ও ইনস্টামার্টের

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসনের (FDA) সাম্প্রতিক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের ভয়াবহ চিত্র ধরা পড়েছে। নবাগত এফডিএ কমিশনার তথা কড়া মেজাজের আইএএস কর্তা তুকারাম মুন্‌ঢের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হওয়া এই অভিযানে অনলাইন ডেলিভারি সংস্থাসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নেমে এসেছে শাস্তির খড়্গ।

খাদ্য সুরক্ষা আইন অমান্য করায় খাদ্য ও ওষুধ প্রশাসন ব্লিঙ্কিট, জ়েপ্টো এবং ইনস্টামার্টের মতো জনপ্রিয় ‘কুইক-কমার্স’ প্ল্যাটফর্মের ১৪টি ডার্ক স্টোর বা কেন্দ্রের লাইসেন্স স্থগিত করেছে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে অনলাইন খাদ্য সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে যুক্ত মোট ৮৬টি কেন্দ্রে একযোগে অভিযান চালায় এফডিএ। এর মধ্যে ব্লিঙ্কিট ও জ়েপ্টোর ৫টি করে এবং ইনস্টামার্টের ২টি কেন্দ্রের লাইসেন্স বাতিল করা হয়। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস এবং ১টি কেন্দ্রকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় উঠে আসা প্রধান ত্রুটি ও অভিযোগসমূহ:

  • অস্বাস্থ্যকর পরিবেশ ও পোকা-মাকড়: ঘাটকোপার ও বান্দ্রার কেন্দ্রগুলিতে নোংরা নিষ্কাশন ব্যবস্থা, খোলা খাবারে আলো ও রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি খাবারে আরশোলা, গিরগিটি এবং এমনকি প্যাকেটের পাশে ইঁদুরের মল পর্যন্ত পাওয়া গেছে।
  • তাপমাত্রা ও মেয়াদের গাফিলতি: ‘চিলার রুম’-এ নির্ধারিত সীমার চেয়ে বেশি তাপমাত্রা (৬ ডিগ্রি সেলসিয়াস) রাখা এবং পুণের লোহেগাঁওয়ের কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
  • স্বাস্থ্যবিধিতে অবহেলা: কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নথি না থাকা এবং মাথায় টুপি, অ্যাপ্রন ও গ্লাভস না পরে কাজ করার প্রমাণ মিলেছে।

তাছাড়া, গোরেগাঁও পূর্বের দাদাসাহেব ফালকে ফিল্ম সিটির ‘বলিউড ক্যাফে’-তেও হানা দেয় এফডিএ। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মাছি ও নোংরার মধ্যে খাবার তৈরির দায়ে ‘খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন’-এর ৬৯ নম্বর ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *