স্বাধীনতা দিবসে বীরদের শ্রদ্ধা জানাতে বিশেষ বার্তা শচীন, কোহলি ও তারকাদের!
বার্তা ডেস্কঃ
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে বইছে উদযাপনের হাওয়া, যার সাথে সুর মিলিয়েছেন দেশের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংস্থাগুলিও। এই বিশেষ দিনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে নিজেদের ৬০০তম ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। টসের আগে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল তেরঙ্গা পতাকা উত্তোলন করেন, এরপর পুরো দল একসঙ্গে গলা মেলায় জাতীয় সঙ্গীতে। সোশাল মিডিয়ায় গম্ভীর লেখেন, “তাঁদের আত্মত্যাগ, আমাদের স্বাধীনতা। আমাদের দায়িত্ব: ভারত। জয় হিন্দ।”
কিংবদন্তি শচীন তেণ্ডুলকর জাতীয় পতাকা হাতে ছবি পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের বৈচিত্র্য ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্নের কথা স্মরণ করিয়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মা সহ একাধিক তারকা ক্রিকেটার নিজেদের বার্তার মাধ্যমে এই দিনের গর্ব প্রকাশ করেছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, সিএসকে এবং দিল্লি ক্যাপিটালস বিশেষ ভিডিও ও পোস্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা ভাগ করে নিয়েছে।
পিছিয়ে নেই কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবগুলিও। এই বিশেষ দিনেই উদযাপিত হচ্ছে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস। ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শুভাশিস বোস, ছাংতেরা ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংও সোশাল মিডিয়ায় তেরঙ্গা পতাকার ছবি শেয়ার করে ভারতের গৌরবময় ইতিহাসকে সম্মান জানিয়েছে।