বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার জঙ্গি! নাশকতার ছক ফাঁস হতেই তোলপাড়!
বার্তা ডেস্কঃ
ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ওপর ভয়াবহ নাশকতামূলক হামলার পরিকল্পনার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হলো পশ্চিমবঙ্গ থেকে যাওয়া এক যুবককে। কেন্দ্রীয় ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ আগস্ট বোম্মাসান্দ্রা শিল্পাঞ্চল থেকে ২৫ বছর বয়সী আসাফুল মালিককে আটক করে বেঙ্গালুরু সিটি পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে।
উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা আসাফুল বেঙ্গালুরুর একটি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তদন্তে প্রকাশ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে আফগানিস্তানের বাসিন্দা তথা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (TTP)-এর সদস্য ইমরান আহিন্দরের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই আসাফুল ওই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। TTP-তে যোগ দিয়ে আফগানিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনাও করেছিলেন তিনি। সেই লক্ষ্যে পাসপোর্ট ও ভিসার আবেদন করলেও শেষ পর্যন্ত তাঁর আফগানিস্তান যাওয়া হয়ে ওঠেনি।
গোয়েন্দাদের দাবি, মসজিদ ও সাধারণ মানুষের ওপর পাকিস্তানি সেনার কথিত নির্যাতন এবং ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের মতো ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল আসাফুলের মনে। সেখান থেকেই পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার মানসিকতা গড়ে ওঠে তাঁর। পাশাপাশি ভারতেও বড়সর নাশকতার ছক ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
গ্রেফতারের পর আসাফুলের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ, যেখানে বেশ কিছু সন্দেহজনক অডিও রেকর্ডিং ও চ্যাটের প্রমাণ মিলেছে। এই ঘটনায় হেব্বাগোডি থানায় ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS)-র ১১৩(৩) ধারায় সন্ত্রাসবিরোধী মামলা রুজু করা হয়েছে। আসাফুলের কোনো স্থানীয় সহযোগী বা আর্থিক লেনদেনের যোগসাজশ রয়েছে কি না, এবং পশ্চিমবঙ্গে তাঁর প্রভাব কতখানি বিস্তৃত, তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।