১৬ আগস্ট থেকে আধার কার্ডেই মিলবে সরকারি স্বাস্থ্য পরিষেবা!
বার্তা ডেস্কঃ
রাজ্যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আসতে চলেছে বড় পরিবর্তনের হাওয়া। আগামী ১৬ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। নতুন এই নিয়মে আগের মতো পুরো পরিবারের জন্য একটি কার্ডের ওপর নির্ভর করতে হবে না; বরং পরিবারের প্রত্যেক সদস্যের নামে আলাদা আলাদা কার্ড দেওয়া হবে, যা প্রশাসনের সাহায্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। বিশেষ সুবিধা হিসেবে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি হতে যাওয়ার সময় ভুলবশত কার্ড সাথে না থাকলেও চিন্তার কিছু নেই, শুধুমাত্র আধার নম্বর দিলেই চিকিৎসাসেবা চালু হয়ে যাবে। এই প্রকল্পে হাসপাতালের খরচের পাশাপাশি ভর্তি হওয়ার আগের ৩ দিন এবং ছাড়া পাওয়ার পরের ১৫ দিনের খরচও পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ধাপে প্রায় ৩ হাজার উপভোক্তার হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হবে, যা থেকে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবারের ৬ কোটি মানুষ উপকৃত হবেন। একই সাথে জানানো হয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারতে নাম নথিভুক্ত করতে কোনো বাড়তি যোগ্যতার শর্ত রাখা হচ্ছে না। বর্তমানে ‘স্বাস্থ্যসাথী’ কার্ডও সাথে পাশাপাশি চালু থাকবে এবং পরবর্তীকালে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো প্রকল্পটি আধার-সংযুক্ত এবং কেন্দ্রের ৬০% ও রাজ্যের ৪০% অর্থায়নে চালু হচ্ছে। আপাতত রাজ্যের ৬২৭টি সরকারি ও ১,৩০৩টি বেসরকারি মিলিয়ে মোট ১,৯৩০টি হাসপাতাল এই স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।