স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে ডিমবৃষ্টি, কাঠগড়ায় কারা?
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের সকালে চরম উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার ঐতিহাসিক আশুতোষ কলেজ চত্বর। জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী তথা টিএমসিপি নেত্রী উপাসনা চৌধুরী। কলেজে প্রবেশের মুখে তাঁদের বাধা দেওয়া হলে উপস্থিত নিরাপত্তারক্ষী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। সেই উত্তেজনার আবহেই হঠাৎ তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়, যা সরাসরি গিয়ে লাগে নেত্রীর মাথায় ও গায়ে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের রূপ নেয় এবং কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই আকস্মিক হামলার পর উপাসনা চৌধুরী ফেসবুক লাইভে এসে নিজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কলেজের ভেতর বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং বিজেপি ও এবিভিপির সমর্থকরাই পরিকল্পিতভাবে তাঁর ওপর এই ডিম-হামলা চালিয়েছে। এমনকি পুলিশ নিষ্ক্রিয় থেকে হামলাকারীদের মদত দিয়েছে বলেও দাবি করেন তিনি। যদিও তৃণমূল নেত্রীর এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি ও এবিভিপি নেতৃত্ব। তাদের উল্টো দাবি, এটি কোনো দলের আক্রমণ নয়, বরং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভেরই চরম বহিঃপ্রকাশ।