মঙ্গলের বুকে মিলল ‘গুপ্তধন’, লাল গ্রহে অচেনা রত্নের হদিসে হতবাক বিজ্ঞানীরা!

বার্তা ডেস্কঃ

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার পারসিভারেন্স রোভার মঙ্গলগ্রহের জেজেরো ক্রেটারে এক অভাবনীয় আবিষ্কার করেছে। লাল গ্রহের রুক্ষ মাটিতে রোভারের মাধ্যমে সংগৃহীত নুড়িপাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা করান্ডাম নামক এক দুর্লভ খনিজের সন্ধান পেয়েছেন, যা মূলত চুনি ও নীলকান্তমণির মতো মূল্যবান রত্নপাথর তৈরির সহায়ক। নিউ মেক্সিকোর লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকদের নেতৃত্বে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা বিখ্যাত ‘জিয়োফিজ়িক্যাল রিসার্চ লেটার্‌স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর আগে লাল গ্রহে এমন খনিজের উপস্থিতি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।

বিজ্ঞানীদের মতে, এই খনিজটি সাধারণত উচ্চ তাপমাত্রা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ কিন্তু সিলিকনঘাটতিযুক্ত পরিবেশে সক্রিয় ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। কোটি কোটি বছর আগে মঙ্গলে ঘটা কোনো বিশাল সংঘর্ষের ফলে সৃষ্টি হওয়া প্রচণ্ড চাপ ও তাপ অথবা উষ্ণ জলের মিথস্ক্রিয়াই এই দুর্লভ খনিজের নেপথ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পৃথিবীর রত্নপাথরগুলোর সঙ্গে এর বিস্ময়কর মিল থাকায় লাল গ্রহের প্রাচীন ইতিহাস ও ভূতাত্ত্বিক বিবর্তন সম্পর্কে নতুন তথ্যের দুয়ার খুলে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *