লালকেল্লায় মোদির নারী বার্তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ!

বার্তা ডেস্কঃ

৮০তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্পের পাশাপাশি নারী সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা ও লোকসভায় নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নারী সংরক্ষণ বিল পাসের পক্ষে সওয়াল করে তিনি বিরোধীদের কাছে সহযোগিতার আহ্বান জানান। এ ছাড়া জেন জি-র ভবিষ্যৎ, এআই প্রশিক্ষণ এবং বিশ্ববাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব উৎপাদন বাড়াতে ‘শক্তির সপ্তধারা’র ডাক দেন তিনি। একই সঙ্গে জ্বালানি বা সার সংকট নিয়ে ছড়ানো অপপ্রচারের জন্য বিরোধীদের কড়া সমালোচনা করে বিগত সরকারের কর্মসংস্কৃতিকেও নিশানা করেন তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই তীব্র পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দলের সাংসদ জেবি ম্যাথার কটাক্ষ করে বলেন, সরকারের আন্তরিকতা থাকলে এই সংরক্ষণ বহু আগেই কার্যকর হতো। সীমানা পুনর্নির্ধারণ বা ‘ডিলিমিটেশন’-এর অজুহাতে বিলটি আটকে রাখা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডারই অংশ। কংগ্রেসই প্রথম এই বিষয়টি সামনে এনেছিল বলে দাবি করে তিনি এই বিলম্বকে অনভিপ্রেত বলে অভিহিত করেন। স্বাধীনতা দিবসের দিনেই লালকেল্লার মঞ্চ থেকে শুরু হওয়া নারী সংরক্ষণ ইস্যুটি নিয়ে এখন দেশের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *