স্বাধীনতা দিবসে কি ভিজবে তেরঙ্গা? দক্ষিণবঙ্গে দুর্যোগের চোখ রাঙানি!
বার্তা ডেস্কঃ
চলতি নিম্নচাপের জেরে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস মিলল। স্বাধীনতা দিবসের সকালেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিক্ষিপ্ত বৃষ্টির ফলায় ভিজতে পারে। আবহাওয়া দপ্তরের আগাম তথ্য অনুযায়ী, ১৫ অগাস্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রাজধানী কলকাতাতেও স্বাধীনতা দিবসের উদযাপনের মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
যদিও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, তবে রবিবার থেকে ফের আবহাওয়ার অবনতি হয়ে বর্ষণ বাড়তে পারে। বিশেষ করে রবিবার রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবারের পর থেকে দুর্যোগ আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যার সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।