২০২৬ সালেই কি আসছে ইতিহাসের ভয়ংকরতম এল নিনো!
বার্তা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে চলা আশঙ্কাই সত্য প্রমাণিত হতে চলেছে। প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিকভাবে দানা বাঁধছে এক মহাশক্তিশালী ‘এল নিনো’। আন্তর্জাতিক আবহাওয়াবিদদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শেষভাগ থেকে ২০২৭ সালের শুরুর মধ্যে এই এল নিনো অত্যন্ত ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে, যার সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি।
মার্কিনসংস্থা ‘NOAA’-এর রিপোর্ট অনুযায়ী, পূর্ব প্রশান্ত মহাসাগরের তলদেশের জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বজুড়ে আবহাওয়া চরমভাবে প্রভাবিত হচ্ছে—একদিকে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, অন্যদিকে ইন্দোনেশিয়ার মতো অঞ্চলে খরা দেখা দিচ্ছে। ভারতসহ বিশ্বের একাধিক দেশ এই সার্বিক পরিস্থিতিতে গভীর চিন্তায় পড়েছে।
যদিও শীতকালের ওপর এর সুনির্দিষ্ট প্রভাব নিয়ে ভারতীয় আবহাওয়া দপ্তর এখনো চূড়ান্ত মন্তব্য করেনি, তবে গবেষকদের মতে, এটি অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে। এর ফলে আগামী দিনে বিশ্বজুড়ে খরা, রেকর্ড তাপপ্রবাহ ও অতিবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বরে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।