ভারতে বসেই পাক সেনায় হামলার ষড়যন্ত্র! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বার্তা ডেস্কঃ

ভারতে বসে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর বড়সড় হামলার ষড়যন্ত্রের অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫ বছর বয়সী এক যুবককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম আসফুল মালিক বিন আবেদ মালিক। পুলিশ সূত্রে খবর, সে বেঙ্গালুরুর বোম্মাসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত এবং জিগানিতে থাকত। খবর পেয়ে গত ১১ আগস্ট হেব্বাগোডি থানা পুলিশ তাকে আটক করে।

তদন্তে জানা গিয়েছে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর সদস্য ইমরান আহিন্দরের সঙ্গে ফেসবুকে যোগাযোগ ছিল মালিকের। আফগানিস্তানভিত্তিক ওই জঙ্গি সদস্যের সঙ্গেই সে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ছক কষছিল। এমনকি আফগানিস্তান যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট ও ভিসার আবেদনও করেছিল সে।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি সেনার বিরুদ্ধে সরব ছিল মালিক। তার অভিযোগ ছিল, পাকিস্তান সেনা স্থানীয়দের ওপর অত্যাচার চালাচ্ছে এবং ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সময় প্যালেস্টাইনের মুসলিমদের সমর্থন না করে ইজরায়েলকে সাহায্য করছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে বেশ কিছু বিতর্কিত বার্তা ও অডিও রেকর্ডিং উদ্ধার করেছেন তদন্তকারীরা, যা থেকে পাক সেনার প্রতি তার তীব্র ক্ষোভের প্রমাণ মিলেছে।

বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১১৩(৩) ধারায় সন্ত্রাসবাদী কার্যকলাপের ষড়যন্ত্র ও প্ররোচনার অপরাধে মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *