শ্রীলঙ্কা সিরিজের পরেই কি শেষ অজিতের অধ্যায়, রোহিত-বিসিসিআই বৈঠকের আড়ালে বিস্ফোরক জল্পনা!
বার্তা ডেস্কঃ
ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে ঘিরে ক্রিকেটাঙ্গনে বিতর্কের পারদ চরমে। মাঠের পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের নানা কর্মকাণ্ড এবং বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মার অবসর সংক্রান্ত গুঞ্জন নিয়েই বিসিসিআই-এর চরম অসন্তোষের মুখে পড়েছেন তিনি। খবর অনুযায়ী, রোহিতের ওপর অবসরের চাপ সৃষ্টির অভিযোগ ওঠায় অসন্তুষ্ট বোর্ড কর্তারা আগরকরের এই আচরণ একেবারেই ভালোভাবে নেননি। রোহিত সোজাসুজি বোর্ড কর্তাদের কাছে নালিশ জানানোর পর বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়ে দেন, রোহিত তাঁর পরিকল্পনা অনুযায়ী দল খেলে যাবেন।
আগামী শ্রীলঙ্কা টেস্ট সিরিজের পর বোর্ড আগরকরের সাথে জরুরি আলোচনায় বসতে চলেছে। তাঁর তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হতে চলায়, নিয়ম মেনে চুক্তি আরও এক বছর বাড়ানো হবে নাকি বিতর্কের জেরে তাঁকে পদচ্যুত করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও, ভিভিএস লক্ষ্মণকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ পদে বসানোর পরিকল্পনা করছে বিসিসিআই, যা বাস্তবায়িত হলে আগরকরের ওপর চাপ আরও বাড়বে। দল এবং তারকার সঙ্গে সঠিক সমন্বয় বজায় না রাখতে পারলে তাঁর চাকরি বজায় রাখা কঠিন বলেই মনে করছে ক্রিকেট মহল।