সব অপরাধীর ফাঁসি চাই! আরজি কর কাণ্ডে বিস্ফোরক নির্যাতিতার মা
বার্তা ডেস্কঃ
কলকাতা: আরজি কর-কাণ্ডে জলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির পর তীব্র প্রতিক্রিয়া জানালেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। অভিযুক্তকে কেবল বিচারবিভাগীয় হেফাজতে রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি ঘটনার সাথে যুক্ত সমস্ত অপরাধীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানিয়েছেন।
তদন্তকারী সংস্থার অভিযোগ, ঘটনার পর দ্রুত মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িত ছিলেন নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেফতারের পর শুক্রবার নির্মলকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে পেশ করার সময় উত্তেজিত জনতা নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম ও কাদা ছোড়ে এবং বিক্ষোভ প্রদর্শন করে।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ অভিযোগ করেন, নির্মল ঘোষের বিরুদ্ধে জলহাটিতে পুকুর ভরাটসহ একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, জলহাটিকে কার্যত ‘বিক্রি’ করে দেওয়া হয়েছিল এবং পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছে বারে বারে অভিযোগ জানিয়েও কোনো ফল মেলেনি। অন্যায়ের সাথে যুক্ত সকলে একে একে ধরা পড়বে এবং প্রশাসন আইনানুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।