রাজনীতিতে আসাই ভুল ছিল! প্রাক্তন মন্ত্রীর সুইসাইড নোটে চাঞ্চল্য
বার্তা ডেস্কঃ
বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী तथा বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের সূচনা পর্বের এই বর্ষীয়ান নেতা ও পাঁচবারের বিধায়ক পরবর্তীতে দলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ এক পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে অত্যন্ত বিষণ্ণ সুরে তিনি লিখেছেন, ‘রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।’ এই অপ্রত্যাশিত ঘটনায় পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
উদ্ধার হওয়া চিরকুটে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকার কথা উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। টিআরডিএ-তে কোনো আর্থিক বা প্রশাসনিক এখতিয়ার না থাকা সত্ত্বেও তাঁকে কালিমালিপ্ত ও অপমান করার চক্রান্তের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন। কোনো কাজ বা টেন্ডার প্রক্রিয়ায় তাঁর ভূমিকা ছিল না জানিয়ে, তাঁকে অযথা বলির পাঁঠা করার প্রতিবাদেই এই কঠিন সিদ্ধান্ত বলে ইঙ্গিত মিলেছে। আক্ষেপের সুরে তিনি নিজের বংশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে থাকার পরামর্শ দিয়েছেন।