রাজনীতিতে আসাই ভুল ছিল! প্রাক্তন তৃণমূল বিধায়কের সুইসাইড নোটে বিস্ফোরক তথ্য

বার্তা ডেস্কঃ

রামপুরহাটের হাটতলাপাড়ার দলীয় কার্যালয় থেকে প্রবীণ তৃণমূল নেতা ও প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। রবিবার সকালে দেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে তাঁর নিজস্ব লেটারহেডে লেখা একটি স্পর্শকাতর সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও, চিঠিতে চরম হতাশা ব্যক্ত করে তিনি লিখেছেন, রাজনীতিতে আসাটাই তাঁর জীবনের বড় ভুল ছিল। ছাত্র রাজনীতি থেকে শুরু করে অধ্যাপক জীবন এবং দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন। টিআরডিএ (TRDA)-র আর্থিক বা প্রশাসনিক কোনো ক্ষমতা তাঁর ছিল না উল্লেখ করে, নিষ্কলঙ্ক ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন পাঁচ বারের এই প্রাক্তন বিধায়ক। এমনকি নিজের পরিবারের পরবর্তী প্রজন্মকেও রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রবীণ ও ভাবমূর্তিসম্পন্ন এই নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে স্তম্ভিত গোটা রাজনৈতিক মহল। খবর পেয়েই বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিং রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রয়াত আশিসবাবুর বাসভবনের সামনে স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের ভিড় জমতে শুরু করে। রামপুরহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার প্রশাসনিক তদন্ত শুরু করেছে। দীর্ঘদিনের এক বর্ষীয়ান রাজনীতিকের এমন চরম পদক্ষেপের নেপথ্যে দলীয় কোন্দল নাকি ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মানসিক আঘাত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *