পরনিন্দা করেই মিলল অঢেল সম্পদ! কীভাবে গসিপ বিক্রি করে কোটিপতি এই বৃদ্ধা?
বার্তা ডেস্কঃ
কলম্বিয়ার আর্মেনিয়া শহরের বাসিন্দা ৬৭ বছরের মিরিয়ম অবসর জীবনের একঘেয়েমি কাটাতে এক অদ্ভুত ও লাভজনক পেশা বেছে নিয়েছেন, যা শুনলে যে কেউ অবাক হবেন। পাড়ার অলিগলির নানা খবর, পরকীয়া কিংবা ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহ করে তা চড়া দামে বিক্রি করাই তাঁর এখন মূল কাজ। এলাকার মানুষের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল এবং গোপনীয়তা জানার তীব্র প্রবণতাকে সম্পূর্ণ পেশাদার উপায়ে কাজে লাগিয়ে তিনি এই উদ্যোগ গড়ে তুলেছেন। খবরের গুরুত্ব ও গোপনীয়তা বজায় রাখার শর্তে তাঁর এই অদ্ভুত ব্যবসার চাহিদা দিন দিন তুঙ্গে পৌঁছেছে।
গুরুত্ব অনুযায়ী প্রতি খবরের জন্য তিনি ৫০০০ থেকে ১০০০০ কলম্বিয়ান পেসো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ফি নেন। প্রতিদিন বাইরে যাওয়ার সময় সঙ্গে একটি নোটবুক রাখেন মিরিয়ম, যেখানে বিভিন্ন সূত্রে পাওয়া চাঞ্চল্যকর তথ্য বা ফিসফাস লিখে রাখেন তিনি। এরপর সুযোগ বুঝে সঠিক ক্রেতার কাছে সেই তথ্য বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেন। এই অভিনব গসিপ ব্যবসার জাদুতে তিনি এখন জোড়া বাড়ির গর্বিত মালকিন, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে ভাইরাল হয়েছে।