ঘুষ দেওয়ার সাহস কার আছে! চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তুকারাম মুন্ডে
বার্তা ডেস্কঃ
মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের কড়া মেজাজ ও আপসহীন কাজের জন্য দেশজুড়ে আলোচনায় রয়েছেন ২০০৫ ব্যাচের আইএএস অফিসার তুকারাম মুন্ডে। গত ২৫ মে দায়িত্ব গ্রহণের পর রাজ্যজুড়ে পাইকারি বিক্রেতা, উৎপাদনকারী, খুচরো বিক্রেতা এবং অভিজাত রেস্তরাঁগুলির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছেন তিনি। প্রশাসনিক মহলে ‘সিংহম’ নামে পরিচিত এই সৎ আমলার কাজের ধরন ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে ঘুষ সংক্রান্ত প্রশ্ন করা হলে তিনি সটান জবাব দিয়ে জানান যে, তাঁকে ঘুষের প্রস্তাব দেওয়ার সাহস কেউ দেখাতে পারবে না এবং এমন প্রস্তাব দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে একশো বার ভাবতে হবে।
নিজের কাজের রীতিনীতি ও স্পষ্টবাদী আচরণের কারণে সমালোচনার মুখোমুখি হলেও তুকারাম স্পষ্ট জানিয়েছেন যে, সমাজ তাঁর কাছে যা প্রত্যাশা করে তা সততা ও স্বচ্ছতার সঙ্গেই পালন করা তাঁর প্রধান কর্তব্য। দুর্নীতির সঙ্গে বিন্দুমাত্র আপস না করার নীতিতে অটল থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তবে রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়েছেন যে, তাঁর মতো স্পষ্টবাদীদের জন্য রাজনীতির ময়দানে কোনো স্থান নেই। জনস্বার্থে তাঁর এই ধারাবাহিক ও কঠোর অভিযান মহারাষ্ট্র তথা গোটা দেশের প্রশাসনিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।