২৪ ক্যারেট সোনার সিরাম মেখে কি সত্যিই রূপ বদলায়?

বার্তা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ২৪ ক্যারাট সোনার সিরাম। রূপচর্চায় নতুন এই ট্রেন্ডে মজেছেন নেটপ্রভাবীরা। উজ্জ্বল গলিত সোনার মতো দেখতে এই সিরামে মিশে আছে খাঁটি সোনার ‘ন্যানো-পার্টিকল’, যা মুহূর্তেই ত্বকে আনে রাজকীয় আভা। হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্টের সংমিশ্রণে তৈরি এই প্রসাধনী ব্যবহারকারীদের দাবি, এতে মিলবে কোরীয় ‘গ্লাস স্কিন’। প্রাচীন মিশর বা চিনে সোনার ব্যবহারের ঐতিহ্য থাকলেও, আধুনিক এই সিরামের কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বলিরেখা বা ব্রণ কমানোর দাবি করা হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তবে সোনার প্রলেপ মানেই কি ত্বকের সুরক্ষা নিশ্চিত? এই প্রশ্নে রূপ বিশেষজ্ঞ ও চর্মরোগ চিকিৎসকরা সতর্কবার্তা দিচ্ছেন। যেকোনো প্রসাধনী ব্যবহারের আগে ত্বক অনুযায়ী উপযোগিতা যাচাই করা প্রয়োজন। বিশেষ করে স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে অ্যালার্জির ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তাই ভাইরাল ট্রেন্ডের বশবর্তী হয়ে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্যাচ টেস্ট করা অত্যন্ত জরুরি। ত্বকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অন্ধভাবে প্রসাধনী বেছে না নিয়ে বিজ্ঞানের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *