ভারতে নয়, পাকিস্তানেই কি বেশি খুশি হিন্দুরা! কী দাবি জারদারির?
বার্তা ডেস্কঃ
পাকিস্তানের স্বাধীনতা দিবসের একটি বিশেষ অনুষ্ঠানে দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দাবি করেছেন, পাকিস্তানি হিন্দুরা ভারতের তুলনায় পাকিস্তানে থাকতেই বেশি পছন্দ করেন। তাঁর মতে, ভারত ‘অখণ্ড ভারত’ ধারণায় বিশ্বাস করলেও পাকিস্তান একটি সহনশীল মুসলিমপ্রধান দেশ, যেখানে সংখ্যালঘু হিন্দুরা কোনও ধরনের বাধা ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারছেন। পাক প্রেসিডেন্টের এই মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এদিকে প্রেসিডেন্টের এমন দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরেছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চলতি বছর ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, কঠোর ধর্ম অবমাননা আইন ও বৈষম্যমূলক বিধিব্যবস্থার কারণে সেখানে সংখ্যালঘুরা প্রতিনিয়ত হিংসাত্মক আচরণ, অকারণে গ্রেপ্তার ও বলপূর্বক ধর্মান্তকরণের শিকার হচ্ছেন। এছাড়া ধর্মীয় নিপীড়নের জেরে দেশটিতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।