২ দিনের মধ্যে ফুটপাথ খালি করুন! পুরমন্ত্রীর চরম হুঁশিয়ারি

বার্তা ডেস্কঃ

শহরের ফুটপাথ দখলমুক্ত করতে এবং পথচারীদের হাঁটার জায়গা ফিরিয়ে দিতে ফের রাস্তায় নামলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে ভবানীপুর থানার পুলিশ ও কলকাতা পুরসভার প্রশাসনিক দলের সঙ্গে নিয়ে ল্যান্সডাউন বাজার সহ শহরের একাধিক এলাকা পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে ফুটপাথের অবৈধ দখল ও ত্রিপল টাঙিয়ে তৈরি অস্থায়ী দোকান দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

ফুটপাথের ব্যবসায়ীদের উদ্দেশে কড়া ভাষায় অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দেন, ফুটপাথ কোনো সংসার পাতার বা পাকা ব্যবসা করার জায়গা নয়। কার অনুমতিতে এবং কাকে টাকা দিয়ে ১৫ বছর ধরে এই দখলদারি চলছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, রাজ্য সরকার বিকল্প ব্যবসার বন্দোবস্ত করতে রাজি আছে, কিন্তু কোনোভাবেই ফুটপাথ দখল করে লোক চলাচলের পথ বন্ধ করা যাবে না। ব্যবসায়ীদের অবিলম্বে নিজেদের সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে তিনি জানান, পথচারীদের যাতায়াতের জন্য জায়গা রেখে তবেই বাঁচা জায়গায় বসতে হবে।

ঘটনাস্থলেই ভবানীপুর থানার ওসি-কে আগামী দু’দিনের মধ্যে ল্যান্সডাউন বাজারের ফুটপাথ সম্পূর্ণ খালি করার নির্দেশ দেন পুরমন্ত্রী। দোকানদারদের নির্দিষ্ট সরকারি বাজারে গিয়ে বসার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী দিনে ধর্মতলা ও পার্ক স্ট্রিটকেও পুরোপুরি হকারমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান অগ্নিমিত্রা পাল। এই পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *