স্বাধীনতা দিবসের ভোজে রক্তগঙ্গা ব্যান্ডেলে! পুরোনো শত্রুতায় যুবকের গলায় ১৮টি সেলাই!

বার্তা ডেস্কঃ

ব্যান্ডেল: স্বাধীনতা দিবসের আনন্দ-উৎসবের মাঝেই রক্তারক্তির ঘটনা ঘটল হুগলির ব্যান্ডেলে। দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের দাস পাড়ায়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এলাকার একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। ক্লাবের সামনের মাঠে বেশ কয়েকজন যুবক বসেছিলেন। আচমকাই সেখানে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। কথা কাটাকাটি চরমে উঠলে এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে অন্য পক্ষের ওপর হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত হন রাহুল দাস ও অভিজিৎ মিত্র নামে দুই যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত শুভ দাস ধারালো অস্ত্র দিয়ে রাহুলের গলায় সরাসরি কোপ মারে। বন্ধু রাহুলকে বাঁচাতে গিয়ে জখম হন অভিজিৎ। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং তাঁরাই রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করেন। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতাল সূত্রে খবর, রাহুলের গলায় মারাত্মক ক্ষত তৈরি হয়েছে এবং সেখানে ১৮টি সেলাই পড়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্যদিকে, চিকিৎসাধীন অভিজিতের অবস্থা আপাতত স্থিতিশীল।

পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুলের পুরোনো শত্রুতা ছিল, যার জেরেই এই হামলা। রাহুলের পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয় বিজেপি কর্মী। তবে এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে নাকি শুধুই ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখছে চুঁচুড়া থানার পুলিশ। হামলায় আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *