অনুব্রতের দেহরক্ষীর ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার সোনা ও ১৫০টি জমির দলিল!

বার্তা ডেস্কঃ

বোলপুর/সিউড়ি: বোলপুরে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করল বীরভূম জেলা পুলিশ। পাথর খাদান ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি ও কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি কাণ্ডের তদন্তে নেমেই পুলিশের এই পদক্ষেপ।

শনিবার বোলপুর বাইপাস সংলগ্ন একটি আবাসন ফ্ল্যাটে হানা দেয় বীরভূম জেলা পুলিশের একটি তদন্তকারী দল। তল্লাশি অভিযান শেষে উদ্ধার হয় বিপুল পরিমাণ সম্পত্তি ও নথি। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সায়গলের ফ্ল্যাট থেকে মিলল:

  • নগদ অর্থ: প্রায় ১২ লক্ষ ৮৪ হাজার টাকা।
  • স্বর্ণালঙ্কার: আনুমানিক ৮০০ গ্রাম সোনা।
  • জমির নথি: ১৫০টিরও বেশি জমির দলিল।
  • বিদেশি মুদ্রা: বিপুল পরিমাণ আরবি ও পাকিস্তানি কারেন্সি (টাকা)।

রবিবার সকালে সায়গল হোসেনকে সিউড়ির বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৩ আগস্ট তাকে পুনরায় আদালতে পেশ করা হবে।

টুলু মণ্ডলের রাজস্ব ফাঁকির টাকা কোথায় গেছে, তার উৎস সন্ধান করতে গিয়েই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। উল্লেখ্য, এই তদন্তের অংশ হিসেবে পুলিশ টুলুর শ্যালক মিঠু মণ্ডলের অট্টালিকাতেও অভিযান চালায়, তবে সেখান থেকে কিছু মেলেনি। তবে সায়গলের সঙ্গে টুলুর কোনো পারিবারিক বা আর্থিক সম্পর্ক রয়েছে কি না এবং ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে এই জালিয়াতি কাণ্ডের সরাসরি যোগসূত্র আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *