অনুপ্রত মণ্ডলের দেহরক্ষীর ফ্ল্যাটে টাকার পাহাড়, মধ্যরাতের অভিযানে গ্রেপ্তার সায়গল!
বার্তা ডেস্কঃ
বীরভূমে ফের বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মামলার সূত্রে শনিবার বোলপুরের বাইপাস এলাকায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। দিনভর তল্লাশি শেষে গভীর রাতে সায়গলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর ফ্ল্যাট থেকে নগদ ১২ লক্ষ ৮৪ হাজার টাকা, প্রায় ৮০০ গ্রাম সোনা, ১৫০টিরও বেশি জমির দলিল এবং আরব ও পাকিস্তানের মুদ্রা উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তাঁকে সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নিজের প্রভাব খাটিয়ে টুলু মণ্ডলকে বেআইনি কাজে সাহায্য করতেন সায়গল। যদিও সায়গলের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। বিদেশি মুদ্রার বিষয়ে তাঁর যুক্তি, মুদ্রা বিনিময়ের সময় কোনোভাবে তা তাঁর কাছে এসে থাকতে পারে। উল্লেখ্য, এর আগে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পর থেকেই টুলু পলাতক থাকলেও তাঁর একাধিক ঘনিষ্ঠ ও সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে সায়গলের নাম নতুন সংযোজন।