গোলাবারুদের চেয়েও ভয়ংকর ‘দিমাগি নকশালবাদ’! দেশবাসীকে নিয়ে মোদীর বড় হুঁশিয়ারি
বার্তা ডেস্কঃ
শনিবার দিল্লির লালকেল্লায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি সশস্ত্র নকশালবাদের তীব্র সমালোচনা করার পাশাপাশি এক নতুন ও সুপ্ত বিপদ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন।
প্রধানমন্ত্রী জানান, বিগত বছরগুলিতে সশস্ত্র নকশালবাদ দমনে দেশ বিরাট সাফল্য অর্জন করেছে। তবে বর্তমানে ‘চিন্তাধারায় নকশালবাদ’ বা ‘দিমাগি নকশালবাদ’ নতুন বিপদ হিসেবে মাথা চাড়া দিয়ে উঠেছে। তাঁর মতে, এই অদৃশ্য শত্রুরা সরাসরি অস্ত্র হাতে না লড়লেও সমাজ ও দেশজুড়ে হিংসা, নৈরাজ্য ও অস্থিরতা ছড়ানোর সুযোগ খুঁজছে।
২০১৪ সালে ক্ষমতায় আসার আগের পরিস্থিতির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, একসময় দেশের এক বড় অংশ মাওবাদী সন্ত্রাসে রক্তাক্ত ছিল। সেখান থেকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যে জায়গাগুলিতে একসময় বুলেটের দাপট ছিল, আজ সেখানে উড়ছে তেরঙ্গা পতাকা।
তবে সশস্ত্র তাণ্ডব কমলেও ‘দিমাগি নকশাল’দের মতাদর্শ সমাজকে ভেতর থেকে দুর্বল করার চক্রান্ত করছে বলে তিনি মনে করেন। তাই এই মানসিকতার মানুষদের সঠিকভাবে চিহ্নিত করে সমাজ থেকে বয়কট করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।