চিনকে বাঁচাতে ভারতের ভূমিকা? ট্রাম্পের বিস্ফোরক দাবিতে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

আমেরিকার শুল্ক ফাঁকি দিয়ে চিনকে সুবিধা পাইয়ে দিচ্ছে ভারত! এমনই এক গুরুতর অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের শীর্ষ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর দাবি, ভারত সহ বিশ্বের ৪০টিরও বেশি দেশ মিলে একটি গোপন ‘শ্যাডো ট্রান্স-শিপমেন্ট নেটওয়ার্ক’-এর অংশ হিসেবে কাজ করছে। এই নেটওয়ার্কের মাধ্যমে চিনা পণ্যের সামান্য রূপান্তর, নতুন লেবেল সেঁটে কিংবা রুট পরিবর্তন করে সেগুলিকে অন্য দেশের পণ্য হিসেবে আমেরিকায় পাঠানো হচ্ছে। এর ফলে চিনের আসল পরিচয় গোপন থাকছে এবং মার্কিন শুল্ক নীতি এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে।

২০১৮ সালের পর থেকে এই অবৈধ বাণিজ্যের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার বার্ষিক আর্থিক মূল্য ৪০ বিলিয়ন থেকে ৩০৩ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। এই তালিকায় ভারতের পাশাপাশি মেক্সিকো, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বড় বাণিজ্যিক অংশীদারদের নামও রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। থার্ড-পার্টি দেশের মাধ্যমে আসা এই সমস্ত কারচুপির পণ্য শনাক্ত করতে এবং শুল্ক ফাঁকি রোধ করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে আমেরিকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *