আশিসের মৃত্যুতে তোলপাড়, দুর্নীতিবাজদের হুমকিতে আতঙ্কে পরিবার!
বার্তা ডেস্কঃ 
পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও রহস্যজনক মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে রামপুরহাটে নিজ বাসভবনের নিকটবর্তী একটি দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রামপুরহাট থানা তদন্ত শুরু করেছে।
এই মর্মান্তিক ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রয়াত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের সঙ্গে কথা বলেন। আশিস বন্দ্যোপাধ্যায়কে এক অত্যন্ত ভদ্র ও রুচিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে শুভেন্দু বলেন, স্থানীয় বিজেপির সঙ্গেও তাঁর সুসম্পর্ক ছিল।
শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করে দাবি করেন, দলের কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি নিজেদের বাঁচাতে প্রয়াত নেতার পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করতে পারেন। তিনি পরিবারটিকে পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে এবং যেকোনো হুমকি বা চাপের কথা পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন। একই সাথে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে আশিসবাবুর মোবাইল ফোনের কল রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার দাবি তুলেছেন তিনি।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছর রামপুরহাট কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।