দিল্লি মেট্রোয় জওয়ানের ভয়ংকর কাণ্ড, বন্দুক উঁচিয়ে মহিলার দিকে তেড়ে আসায় বরখাস্ত অভিযুক্ত!
বার্তা ডেস্কঃ
দিল্লি মেট্রোয় মহিলা যাত্রীর গোপনে ছবি তুলে যাত্রীদের দিকে সার্ভিস পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল এক সিআইএসএফ (CISF) জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত জওয়ানকে ইতিমধ্যেই বরখাস্ত (সাসপেন্ড) করে বিভাগীয় তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা।
পুলিশ ও মেট্রো সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে শনিবার গভীর রাত প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ। কোচে থাকা এক তরুণী লক্ষ্য করেন, কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান গোপনে তাঁর মোবাইলের ক্যামেরায় ছবি তুলছেন। তরুণী সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। প্রথমে অভিযুক্ত জওয়ান বিষয়টি অস্বীকার করলেও সহযাত্রীরা এগিয়ে এসে তাঁকে ঘিরে ধরেন। যাত্রীরা তাঁর মোবাইল পরীক্ষা করে গ্যালারিতে ওই তরুণীর একাধিক ছবি দেখতে পান।
ছবিগুলি মুছে ফেলার দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জওয়ান ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করলে সহযাত্রীরা তাকে বাধা দেন এবং কামরার মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, ধরা পড়ার ভয়ে অভিযুক্ত জওয়ান আচমকাই নিজের সার্ভিস পিস্তল বের করে যাত্রীদের দিকে তাক করেন। আতঙ্কে যাত্রীরা পিছিয়ে গেলে সেই সুযোগে জওয়ান ট্রেন থেকে পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিআইএসএফ জানিয়েছে, অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে এবং একটি উচ্চপর্যায়ের বিভাগীয় তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্যাতিতা তরুণী এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।