হাঙ্গেরিতে মর্মান্তিক বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন ১২ তীর্থযাত্রী!

বার্তা ডেস্কঃ

হাঙ্গেরিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন পোলিশ তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন এবং ৩৭ জন সামান্য চোট পেয়েছেন। রবিবার সকালে রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজ়োকেরেসতেস শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসটি ৫৭ জন যাত্রী নিয়ে নাইরেজিহাজ়া শহরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণেই এই বিপত্তি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন প্রাণ হারান।

বাসটিতে পোল্যান্ডের পডকারপাকি অঞ্চলের একদল তীর্থযাত্রী ছিলেন, যারা দক্ষিণ বসনিয়া ও হার্জেগোভিনা থেকে তীর্থযাত্রা শেষ করে দেশে ফিরছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, লাল রঙের বাসটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে আছে এবং যাত্রীদের মালামাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নওরোকি এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। পোল্যান্ডের বিদেশমন্ত্রক আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে হাঙ্গেরি প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ বজায় রাখছে। উল্লেখ্য, ২০০৩ সালের পর এটিই হাঙ্গেরির ইতিহাসে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *